রাজধানীতে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
রাজধানীতে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ
মোটরসাইকেলে তল্লাশি চালানো হচ্ছে। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকামেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন এলাকা ও এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার এবং প্রবেশপথগুলোতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সরজমিনে বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোর পাশাপাশি প্রবেশদ্বারগুলোতে কড়া নজরদারি চালানো হচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে মোটরসাইকেলসহ সব ধরনের সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে।

এছাড়া, নগরীর নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো এবং পিকেট ডিউটি জোরদার করা হয়েছে। একইসঙ্গে নগরজুড়ে থানা মোবাইল প্যাট্রোল, ফুট প্যাট্রোল ও হোন্ডা প্যাট্রোলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। যেকোনো বড় ধরনের অপরাধ বা নাশকতা প্রতিরোধে মাঠে ডিবি টিম, সিটিটিসি টিম এবং এপিবিএন টিম মোতায়েন রাখা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, নগরবাসীর সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ন রাখতে আমাদের প্রতিটি বিভাগ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

/এসবি/