সীমান্ত থেকে ২ লাখ পিস ইয়াবা জব্দ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সীমান্ত থেকে ২ লাখ পিস ইয়াবা জব্দ
জব্দকৃত ইয়াবা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে বিশেষ অভিযানে দুই লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (২৬ আগস্ট) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য জানান।

বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নিয়মিত টহল পরিচালনাকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন পালংখালী বিওপির টহলদল অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দায়িত্বপূর্ণ ফারির বিলের গুর্জাখাল রুবেলের ঘের নামক স্থানে কতিপয় ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এ সময় টহলদল দেখতে পায়, মিয়ানমার থেকে ছয়জন ব্যক্তি পোঁটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাতে থাকা পোঁটলাগুলো ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ৬টি পোটলার ভেতর থেকে খাকি রঙের নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করে। ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালানো হলেও এ সময় আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত ইয়াবার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

/এফআর/