স্বর্ণের দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্বর্ণের দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে
স্বর্ণালঙ্কার। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

সোমবার (৫ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম কমানো হয়েছে। এর আগে সর্বশেষ ৩০ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা করা হয়েছে। আর ২১ ক্যারেটের ভরিতে কমানো হয়েছে ১ হাজার ৫৭৪ টাকা। ফলে দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরিতে ৭৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা আর ২১ ক্যারেট ৪ হাজার ১৪১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

/জেএইচ/