ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, আজই হতে পারে প্রজ্ঞাপন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, আজই হতে পারে প্রজ্ঞাপন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ সোমবার (১৯ অক্টোবর) পদত্যাগের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের একটি উচ্চপর্যায়ের সূত্র।

এর আগে আজ বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইশরাক হোসেন।

নিয়ম অনুযায়ী, পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি তা গ্রহণ করার পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন আহমেদ আযম খান। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন ইশরাক হোসেন।

বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রীর সংখ্যা ২৬। এ ছাড়া প্রতিমন্ত্রী ছিলেন ২৪ জন। ইশরাকের পদত্যাগ কার্যকর হলে প্রতিমন্ত্রীর সংখ্যা কমে দাঁড়াবে ২৩ জনে।

/এমআর/