প্রধানমন্ত্রীর নির্দেশে সেই শিক্ষককে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে: মাহদী আমিন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
প্রধানমন্ত্রীর নির্দেশে সেই শিক্ষককে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে: মাহদী আমিন
পুলিশের মোটরসাইকেলে শিক্ষক গোলাম কিবরিয়া লালন (ইনসেটে মাহদী আমিন)। ছবি: সিজেডএন গ্রাফিক্স

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করে আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে এক স্কুল শিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্য কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও অধিবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিদ্যালয় প্রাঙ্গণে তাদের বিক্ষোভের পর পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

‘বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন, শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দিতে। প্রধানমন্ত্রীর নির্দেশে পরবর্তীতে পুলিশ তাকে নিরাপদে বাসায় পৌঁছে দেয়।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের ফেসবুক পোস্ট
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের ফেসবুক পোস্ট

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মনে করেন, মতের ভিন্নতা থাকতেই পারে; প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি ও মতামত তার নিজস্ব। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি এই সম্মানই গণতন্ত্রের শক্তি। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে শক্তিশালী করবে।’

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘে বক্তব্যে উচ্চারণ নিয়ে মন্তব্য করেন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গোলাম কিবরিয়া লালন। পরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে অভিযোগে তাকে আটক করে পুলিশ।

/জেএইচ/