১ গোল, ২ অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

০৭: ৩২

১ গোল, ২ অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

১ গোল, ২ অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেন মেসি

যেতে নাহি দিব হায়

তবু যেতে দিতে হয়

তবুও চলে যায়।

বিদায় শব্দটা বড়ই করুন তবু একটা সময় বিদায় দিতে বা নিতে হয়। ৩৯ বছর বয়সী লিওনেল মেসি আন্তর্জাতিক ক্যারিয়ারে তার শেষ ম্যাচটি খেলে ফেললেন, বেনিনের বিপক্ষে। মেসি জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচে যে পারফরম্যান্স দেখালেন, তা অনেক তরুণ খেলোয়াড়ের স্বপ্ন।

বেনিনের বিপক্ষে মেসির অ্যাসিস্ট ২টি, গোল ১টি। ফলাফল আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে জয়ী।

মেসির গোল সংখ্যাটা আরও বাড়তে পারতো যদি না তার সামনে বাধা হয়ে দাঁড়াতেন বেনিনের গোলরক্ষক। মেসি নিজেও বেশ কয়েকটি মিস করেছেন। ম্যাচের একদম শেষ মুহূর্তে ফ্রি-কিক পেলো আর্জেন্টিনা, গ্যালারীতে থাকা সবার ক্যামেরা তখন মেসির দিকে তাক করা। শটটি নিলেন মেসি। তবে সেটি বারের উপর দিয়ে যায়। বলটি মাঠের বাইরে যেতেই ম্যাচ শেষের বাঁশি বাজালেন রেফারি। আর এরই সঙ্গে শেষ হলো আর্জেন্টাইন কিংবদন্তি মেসির ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার।

প্রথমার্ধে গোল পায়নি আর্জেন্টিনা। ৪৮ মিনিটে মাঠের বাঁ-প্রান্ত দিয়ে কর্নার পায় স্বাগতিকরা। কর্নারটি নেন মেসি। অধিনায়কের কর্নার থেকে বল জালে পাঠান নিকোলাস ওতামেন্দি। মেসির মতো ওতামেন্দিরও এটি ছিল ক্যারিয়ারের শেষ ম্যাচ।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে নেয় আর্জেন্টিনা। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এবারও গোলের পেছনে মেসি। বক্সের বাইরে থেকে নিকো পাজের দিকে বল বাড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির দেওয়া বল পেয়ে বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে বল জালে পাঠান পাজ।

দুই গোলে অবদান রাখার পর মেসি নিজেই স্কোরশিটে নাম তোলেন। ৬৯ মিনিটে বেনিনের এক ডিফেন্ডারের ফাউলে আর্জেন্টিনা পেনাল্টি পায়।

মেসি কোনো ভুল করেননি। আর্জেন্টিনার জার্সিতে ১২৬তম গোলটি করেন তিনি। সতীর্থরা ছুটে যান মেসির দিকে। আর মনুমেন্তালের গ্যালারি তখন আবেগের বিস্ফোরণে ফেটে পড়ে।

এর আগে মেসি জাতীয় সংগীতের সময় তিন সন্তানকে সঙ্গে রাখেন। পরে ম্যাচের দশম মিনিটে খেলা থামিয়ে দেন রেফারি। করতালির মাধ্যমে মেসিকে সম্মান জানানো হয়। ম্যাচের পরও তৈরি হয় আবেগঘন পরিবেশ। এছাড়া মেসিকে নিয়ে ড্রোন শো, গান আর আতশবাজি তো ছিলই। তবু মুনমেন্তাল ছাড়ার সময় সবারই মন খারাপ হওয়ার কথা, প্রিয় মেসি যে আর আর্জেন্টিনার জার্সিতে খেলবেন না!

০৭: ১৩

আর্জেন্টিনার জার্সিতে মেসির ১২৬তম গোল

আর্জেন্টিনার জার্সিতে মেসির ১২৬তম গোল
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচে গোল করলেন মেসি

সতীর্থদের দিয়ে দুটি গোল করানোর পর এবার নিজেও গোল পেয়েছেন লিওনেল মেসি। গোল নম্বর ১২৬! বেনিনের বক্সে অগাস্টিন জিয়াই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৭১ মিনিটে স্পটকিক থেকে বল জালে পাঠান আর্জেন্টাইন এই কিংবদন্তি ফুটলার।

অবশ্য একটু পর ম্যাচে নিজের দ্বিতীয় গোল করার সহজ সুযোগ পেয়েছিলেন মেসি। তবে তার ডান পায়ের শট পোস্টের বাইরে দিয়ে যায়।

০৭: ০০

নিকো পাজ ম্যাজিক

ম্যাচের ৫৯ মিনিটে রদ্রিগো ডি পলের বদলি হিসেবে মাঠে নামেন নিকো পাজ। মেসির পর নিকো পাজকে নিয়েই নতুন স্বপ্ন বুঁনছেন আর্জেন্টাইন সমর্থকরা। মেসির অবসরের পর কেনো নিকো পাজ ১০ নম্বর জার্সির দাবিদার তার প্রমাণ দিলেন গোল করে।

মাঠের ডান প্রান্ত দিয়ে মেসি পাস দেন নিকোকে। বল পায়ে খানিকটা এড়িয়ে গিয়ে বাঁ-পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠান নিকো পাজ।

০৬: ৪৪

মেসির কর্নার থেকে ওতামেন্দির গোল

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গেলো আর্জেন্টিনা। ৪৮ মিনিটে মাঠের বাঁ-প্রান্ত দিয়ে কর্নার পায় আর্জেন্টিনা। কর্নারটি নেন মেসি। অধিনায়কের কর্নার থেকেই বল জালে পাঠান নিকোলাস ওতামেন্দি। মেসির মতো ওতামেন্দিরও এটি ক্যারিয়ারের শেষ ম্যাচ।

০৬: ৩১

আর্জেন্টিনার জার্সিতে মেসির বাকি আর ৪৫ মিনিট

আর্জেন্টিনার জার্সিতে মেসির বাকি আর ৪৫ মিনিট
মেসিকে আটকানোর চেষ্টায় বেনিনের খেলোয়াড়

প্রথমার্ধের খেলা শেষ। গোল পায়নি কোনো দলই। বর্ণাঢ্য ক্যারিয়ারে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আকাশী নীল জার্সি তুলে রাখা থেকে আর মাত্র ৪৫ মিনিট দূরে তিনি। প্রথমার্ধে গোল করার ভালো সুযোগ পেয়েছিলেন মেসি।

প্রথমার্ধে মোট ৬ বার বেনিনের বক্সে বল টাচ করেছেন মেসি, নিয়েছেন সর্বোচ্চ ৪টি শট। ৩২ মিনিটে গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি। লাউতারো মার্তিনেজের পাস খুঁজে পেয়েছিল মেসিকে, তবে ভারসাম্য হারিয়ে ফেলায় ভলি করলেও সেটি লক্ষ্যে পৌঁছায়নি, বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে।

আরেকবার আর্জেন্টাইন অধিনায়কের একটি ফ্রি-কিক রুখে দেন বেনিনের গোলকিপার।

প্রথমার্ধে ৬৪ শতাংশ সময়ে বল দখলে রাখে আর্জেন্টিনা। স্বাগতিকদের ৮ শটের ৪টি ছিল লক্ষ্যে। বেনিন ৭টি শট নিলেও তাদের ২টি ছিল লক্ষ্যে। প্রথমার্ধের বিরতির সময় আর্জেন্টিনার জার্সিতে মেসির করা সেরা গোলগুলো বড় পর্দায় দেখানো হয়। এরপর হয় গান।

০৬: ১৯

আক্রমণ-পাল্টা আক্রমণে জমেছে খেলা

ম্যাচের ৪০ মিনিট শেষ। বেনিন মাঠে এখন পর্যন্ত ভালোই খেলেছে। দুই-একটি ভালো আক্রমণও করেছে আফ্রিকার দেশটি। দুটি শট রুখে দিয়েছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। মেসির আর্জেন্টিনাও আছে প্রথম গোলের খোঁজে।

০৬: ১৩

পরিবারের সবাই আছেন, শুধু...

মেসির বিদায়বেলায় স্টেডিয়ামের বক্সে হাজির পুরো পরিবার। স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জে, তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরো, মা সেলিয়া ও ভাই-বোনেরা মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সোল), সঙ্গে ভাগ্নে-ভাতিজারাও। তবে নেই শুধু মেসির বাবা। দু মাস আগে প্রয়াত হয়েছেন হোর্হে মেসি।

০৬: ০৭

গোলের জন্য মরিয়া মেসি

ম্যাচের ৩১ মিনিটে লাউতারো মার্তেনেজের পাস থেকে শট নেন মেসি। তবে শট নেওয়ার সময় খানিকটা ব্যালেন্স হারান তিনি। মেসির শটটি পোস্টের বাইরে দিয়ে যায়। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে মেসি চাইছেন গোল করতে। সতীর্থরাও চাইছেন মেসি গোল করুক।

০৬: ০০

মেসির ফ্রিকিক

মেসির ফ্রিকিক
শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে মেসি

ম্যাচের ২৬ মিনিটে মাঠের বাঁ-প্রান্ত দিয়ে ২৫ গজ দূর থেকে ফ্রিকিক পায় আর্জেন্টিনা। মেসির ফ্রিকিক ঝাপিয়ে রুখে দেন বেনিনের গোলকিপার।

০৫: ৫৩

দশম মিনিটে থামলো খেলা

মেসির সম্মানে দশম মিনিটে খেলা থামিয়ে দেন রেফারি।

এ সময় দর্শক দীর্ঘক্ষণ দাঁড়িয়ে হাততালিতে মহাতারকাকে শুভেচ্ছা জানান। মাঠে থাকা খেলোয়াড়েরা করমর্দন করেন।

০৫: ৪১

ছেলেদের নিয়ে মাঠে মেসি

ছেলেদের নিয়ে মাঠে মেসি
তিন ছেলের সঙ্গে মেসি

আধা ঘণ্টা দেরিতে বাজে কিক-অফ বাঁশি। তার আগে তিন ছেলেকে নিয়ে মাঠে ঢোকেন মেসি। ছেলেদের সঙ্গে নিয়েই জাতীয় সংগীত গান মেসি।ম্যাচের জন্য মেসি মাঠে নামার সময় ছিল আতশবাজির ঝলকানি। গ্যালারির দর্শকেরা সুর মিলিয়ে গাইতে থাকেন গান।

০৫: ২৯

মাঠে মেসির বিশাল জার্সি

কিক-অফের আগে মাঠের কর্মীরা ১০ নম্বর পরা আর্জেন্টিনার একটি সুবিশাল জার্সি মাঠে বিছিয়ে দেন। তবে সেই জার্সিতে মেসির নামের জায়গায় লেখা রয়েছে ‘গ্রেসিয়াস’, যার অর্থ ধন্যবাদ।

গ্যালারির দর্শকরা ‘মেসি, মেসি’ বলে গর্জন ও স্লোগান তুলেছেন।

০৫: ২৬

১৫ মিনিট দেরি

স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ভোর ৫টায়) খেলা শুরুর কথা থাকলেও তা ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়। তবে মাঠে প্রবেশ এবং জাতীয় সঙ্গীত এর জন্য ৩০ মিনিট পর্যন্ত বিলম্ব হতে পারে খেলা শুরু হতে।