ওপেন এআই মডেলের বিরুদ্ধে চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ওপেন এআই মডেলের বিরুদ্ধে চুরির অভিযোগ
ওপেন এআইয়ের লোগো

ওপেনএআইয়ের পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের বিরুদ্ধে অনুমতি ছাড়াই ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট থেকে টোকেন ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে প্রযুক্তি খাতে স্বায়ত্তশাসিত এআইয়ের নিরাপত্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ওপেনএআই জানায়, ঘটনায় জড়িত মডেলটির নাম জিপিটি-৫.৬ সল। এটি মূলত অভ্যন্তরীণ গবেষণার জন্য তৈরি হলেও পরে অর্থের বিনিময়ে ব্যবহারযোগ্য চ্যাটজিপিটির গ্রাহকদের জন্যও উন্মুক্ত করা হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে মডেলটিকে একটি ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অ্যাপ হালনাগাদ এবং ইথেরিয়ামের পরীক্ষামূলক নেটওয়ার্কে একটি স্মার্ট কন্ট্রাক্ট প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছিলো। স্মার্ট কন্ট্রাক্ট চালু করতে নেটওয়ার্ক ফি প্রয়োজন হলেও এ উদ্দেশ্যে মডেলটিকে কোনো টোকেন দেওয়া হয়নি।

ওপেনএআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় টোকেনের সন্ধানে মডেলটি পরিচিত পুনরুদ্ধার বাক্যাংশের মাধ্যমে পরিচালিত শত শত ক্রিপ্টো ওয়ালেটের ঠিকানা খুঁজে বের করে এবং সেখান থেকে টোকেন ব্যবহার করে কাজটি সম্পন্ন করে। এর আগে মডেলটি নিজেই বিবেচনা করেছিলো, এমন পদক্ষেপ নেওয়া নৈতিকভাবে গ্রহণযোগ্য কি না। পরে এটি যুক্তি দেয়, সংশ্লিষ্ট ওয়ালেটগুলো কার্যত পরিত্যক্ত হওয়ায় সেগুলোর টোকেন ব্যবহার করা যেতে পারে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্দেশনায় কোথাও মডেলটিকে কোনো অ্যাকাউন্টের অর্থ ব্যয়ের অনুমতি দেওয়া হয়নি। এ ঘটনা দেখিয়েছে, কোনো কোনো পরিস্থিতিতে একটি এআই মডেল মালিকের স্পষ্ট অনুমতির পরিবর্তে সম্ভাব্য ক্ষতি সম্পর্কে নিজের মূল্যায়নকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নিতে পারে। তবে ঘটনাটি ইথেরিয়ামের পরীক্ষামূলক নেটওয়ার্কে ঘটেছে, যেখানে ব্যবহৃত টোকেনের বাস্তব আর্থিক মূল্য নেই। তবুও অনুমতি ছাড়া প্রয়োজনীয় টোকেন সংগ্রহের বিষয়টি ওপেনএআইকে নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করতে উদ্বুদ্ধ করেছে।

ওপেনএআই জানায়, এ ধরনের পরীক্ষায় অংশ নেওয়া মডেলগুলোর সরাসরি ইন্টারনেট ব্যবহারের সুযোগ সীমিত করতে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।

এর আগে, পরীক্ষামূলক এআই মডেলের মাধ্যমে সাইবার হামলার মতো আচরণ শনাক্ত হওয়ার ঘটনাও প্রকাশ করেছিললো ওপেনএআই। একই ধরনের ঝুঁকির কথা জানিয়েছে অ্যানথ্রোপিক ও মেটাও।

এদিকে, উন্নত এআই ব্যবস্থার নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে আন্তর্জাতিক তদারকি সংস্থা গঠনের আহ্বান জানিয়ে শত শত বিজ্ঞানী একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে এআই গবেষণার পথিকৃৎ জিওফ্রে হিন্টনও রয়েছেন।

তাদের মতে, নিরাপত্তা গবেষণা ও নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার না হলে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য আরও বড় ঝুঁকি তৈরি হতে পারে।

/এসবি/